চট্টগ্রামে ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৬; আটকদের মধ্যে খুরুশকুলের জামায়াত নেতা বেলালের

 

কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল প্রায় ৩ কোটি টাকা মূল্যের ইয়াবার একটি বড় চালান। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই চালান জব্দ করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এ সময় আনুমানিক এক লাখ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র‍্যাব।

আটকরা হলেন— মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) ও মো. হোসেন (৩৭)। তাঁদের সবার বাড়ি কক্সবাজার জেলার রামু, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায়।

স্থানীয় সূত্রের দাবি, আটক বেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর যুব বিভাগের সাধারণ সম্পাদক। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দলের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

র‍্যাব জানায়, একটি বাইকার চক্র মোটরসাইকেলযোগে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীর দিকে নিয়ে যাচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পাঁচটি মোটরসাইকেলে করে ছয়জন ঘটনাস্থলে পৌঁছালে তাদের আটক করা হয়।

পরে মোটরসাইকেলগুলোর বক্স ও বহন করা ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় আনুমানিক এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url