নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার: আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক

 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ একজন চিহ্নিত অপরাধীকে আটক করা হয়েছে।
 



গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩০০ ঘটিকায় ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগৈলঝাড়া আর্মি ক্যাম্প কর্তৃক আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মেজর ইয়াসির রাফাত।


অভিযান চলাকালে মিরাজ (২২) নামে একজন চিহ্নিত অপরাধীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। এ সময় তার কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র সহ ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ১০০ গ্রাম গাঁজা এবং বিভিন্ন প্রকার মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।


সেনাবাহিনীর এই অভিযানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আটককৃত অপরাধীকে পরবর্তীতে আগৈলঝাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফয়েজ আহমদ, পিএসসি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url