সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাতের আঁধারে জলমহালের অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কাওয়াজুরী হাওরে রাতের আঁধারে একটি জলমহাল থেকে বিপুল পরিমাণ মাছ লুটের অভিযোগ উঠেছে। ইজারাদারদের দাবি, আশপাশের ৭–৮ গ্রামের হাজারো মানুষ একযোগে জলমহালে প্রবেশ করে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মাছ নিয়ে গেছে।
জানা যায়, শুক্রবার ইফতারের পর থেকেই জাল, পলো, টেটাসহ মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে কাওয়াজুরী হাওর সংলগ্ন এলাকার লোকজন জলমহালের সীমানায় জড়ো হতে থাকেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার কাওয়াজুরী, উফতিরপাড়, লাউগাঙ্গ এবং দিরাই উপজেলার নগদিপুর, ছোট নগদিপুর, ধীতপুর, ফুকিডর ও দৌলতপুর গ্রামের লোকজন এতে অংশ নেন। পরে পাহারাদারকে সরিয়ে দিয়ে তারা জলমহালে প্রবেশ করে মাছ আহরণ করেন।
জলমহালের ইজারাদার আঙ্গুর মিয়া জানান, ছয় মাস আগে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের অধীনে খাস কালেকশনের মাধ্যমে ১৬ লাখ টাকা রাজস্ব দিয়ে তিনি কাওয়াজুরী জলমহাল ইজারা নেন। জলমহালের রক্ষণাবেক্ষণ, পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন ব্যবস্থাপনায় আরও প্রায় ২৪ লাখ টাকা ব্যয় করা হয়। মাছ আহরণের মৌসুম ঘনিয়ে এলে পরিকল্পিতভাবে জলমহালের মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে কমপক্ষে ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্যাহ বলেন, মাছ লুটের বিষয়ে আমাদের কাছে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইজারাদার পক্ষ দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url