টেকপাড়ায় মসজিদে ঢুকে মুসল্লীকে ছুরিকাঘাত, যুবক আটক

 


কক্সবাজার শহরের উত্তর টেকপাড়ায় একটি মসজিদে ঢুকে ছুরিকাঘাতের ঘটনায় এক মুসল্লী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উত্তর টেকপাড়ার বায়তুশরফ জামে মসজিদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের আগে জায়নামাজ ও টুপি হাতে নিয়ে নুরুল আজিম নাহিদ নামে এক যুবক মসজিদে প্রবেশ করেন। শুরুতে তাঁর আচরণ স্বাভাবিক থাকলেও হঠাৎ করে তিনি হাতে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাতের চেষ্টা করেন। এতে মসজিদে উপস্থিত মুসল্লীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার একপর্যায়ে পেশকারপাড়া এলাকার আক্তার হোসেন নামের এক মুসল্লীর হাতে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি আহত হন।

এ ঘটনার পরপরই অভিযুক্ত যুবক মসজিদের মিম্বারে উঠে ছুরি হাতে অঙ্গভঙ্গি করতে থাকেন। যা উপস্থিত লোকজনের মধ্যে আরও ভীতির সৃষ্টি করে।

পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তাঁকে নিয়ন্ত্রণে এনে আটক করা হয়। আহত মুসল্লীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তী ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক যুবকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি বলে জানা গেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url