গ্যালারিতে মুসলিমবিরোধী স্লোগান, জবাবে ইয়ামাল বললেন ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পরশু রাতে বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন ও মিসর। গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া এই ম্যাচের ফলাফলকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গ্যালারি থেকে ভেসে আসা মুসলিমবিরোধী স্লোগান। প্রথমার্ধে দর্শকদের একাংশের এমন আচরণের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্পেনের তরুণ তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। ঘটনাটিকে ‘অসম্মানজনক ও অসহনীয়’ আখ্যা দেওয়ার পর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানান ইয়ামাল। তিনি লেখেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে ‘তুমি যদি লাফ না দাও, তবে তুমি মুসলিম’ এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল। আমি জানি, এগুলো প্রতিপক্ষকে লক্ষ্য করে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে নয়। তবু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ ফুটবল কেবলই উপভোগ এবং নিজ দলকে সমর্থন দেওয়ার জায়গা উল্লেখ করে তিনি আরও বলেন, স্টেডিয়ামের ভেতরে ধর্মকে ব্যবহার করে অন্যদের উপহাস করাটা সম্পূর্ণ অজ্ঞতা ও বর্ণবাদী আচরণ। অন্যের পরিচয় বা বিশ্বাসকে অসম্মান করার জন্য ফুটবল নয়।
বার্সেলোনায় জন্ম নেওয়া ১৮ বছর বয়সী ইয়ামালের বাবা মরোক্কান এবং মা ইকুয়েটোরিয়াল গিনির। মরক্কোর হয়ে খেলার সুযোগ থাকলেও ছোটবেলা থেকেই স্পেনের জার্সি গায়ে জড়িয়েছেন তিনি। স্পেনের ইউরো ২০২৪ জয়ে তার অসামান্য অবদান ছিল। এ ছাড়া, এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপেও স্প্যানিশ দলের অন্যতম বড় ভরসা এই তারকা।
