বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
![]() |
| স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ |
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, "বিদেশে থাকার কারণে বন্যার সময় আপনাদের পাশে থাকতে পারিনি। এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সরকার সব সময় আপনাদের পাশে আছে।"
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নিজ সংসদীয় এলাকা চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় দুই দিনের সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জনগণের সরকার এবং জনগণের দুর্যোগ-দুর্দশায় সব সময় তাদের পাশে থাকবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি জরিপ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, জরিপের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া পৌরসভার কোচপাড়ায় মাতামুহুরী নদীর পানির প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে উপজেলার লক্ষ্যাচর, কাকারা, সুরাজপুর, হারবাং ও বরইতলি ইউনিয়নেও বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, সংসদ সদস্য শামিম আরা স্বপ্না, বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার মো. সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন দেলোয়ারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।
সফরের দ্বিতীয় দিন শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের কর্মসূচি রয়েছে।
/এমটিএ
