মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সরাসরি নির্দেশনায় তার নিজ জেলা কক্সবাজারে মাদক প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন। যার ধারাবাহিকতায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদককারবারে জড়িত দুই সঙ্গীর সাথে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার হয়েছেন এক যুবদল নেতা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোহাম্মদ শওকত (৩৫) রামু উপজেলা যুবদলের সদস্য ও ফতেখাঁরকুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। অভিযানে গ্রেফতার হওয়া অন্যরা হলেন – সদর উপজেলার খরুলিয়া সুতারচর এলাকার আলী আহমদের ছেলে মো. রাসেল (৪০), রামু উপজেলার পশ্চিম মেরংলোয়া এলাকার আলমগীর প্রকাশ আলমের স্ত্রী কামরুন্নাহার (৩২)। এসময় ৫০ হাজার ইয়াবা ও ইয়াবা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্য প্রতিরোধ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এঘটনায় পলাতক মুক্তারকুল এলাকার হানিফের ছেলে আলমগীর’কে আইনের আওতা আনতে তৎপরতার পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে কক্সবাজারে মাদকবিরোধী টাস্কফোর্স সহ আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত অভিযানে গত ১৮ দিনে (১৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত) ৩৩ জন মাদক ব্যবসায়ী ও প্রায় ২৫ কোটি টাকা সমমূল্যের ইয়াবা এবং অন্যান্য মাদক জব্দ হয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, ‘ মাদক প্রতিরোধে কক্সবাজার জেলা পুলিশ বদ্ধ পরিকর। নিয়মিত অভিযানসহ অপরাধ দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি বিশেষ নির্দেশনা রয়েছে, যা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।’

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url