উখিয়ায় সেহরির সময় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় সেহরির সময় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত গৃহবধূ রজিদা আক্তার (২৫) পালংখালী ইউনিয়নের কেদারখোলা এলাকার নুরুল বশরের মেয়ে এবং শফিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে সেহরির সময় দুর্বৃত্তরা রজিদা আক্তারের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সময় নিহতের স্বামী শফিক কাজের উদ্দেশ্যে বান্দরবানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুরুল হক মেম্বার বলেন, ভোরে সেহরির সময় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
