বার্সেলোনার ক্লাব কিনে নিলেন মেসি

 


আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি এবার ক্লাব মালিক বনে গেলেন। তিনি স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ক্লাব কর্নেইয়া কিনে নিয়েছেন। ক্লাবটি এখন স্প্যানিশ ফুটবলের পঞ্চম বিভাগে খেলে।

কর্নেইয়া ক্লাব নিজেই এই খবর জানিয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আট বার ব্যালন ডি'অর জেতা লিও মেসি আনুষ্ঠানিকভাবে ক্লাব অধিগ্রহণ সম্পন্ন করেছেন।’

এ বিষয়ে কর্নেইয়া আরও বলেছে, ‘এই পদক্ষেপ কাতালোনিয়া ও বার্সেলোনার সঙ্গে মেসির গভীর সম্পর্ক এবং সেখানকার খেলাধুলা ও স্থানীয় প্রতিভার বিকাশে তার অঙ্গীকারকে আরও মজবুত করেছে।’

মেসির বয়স এখন ৩৮ বছর। তিনি মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা থেকে স্পেনে আসেন। ২০০৪ সালের অক্টোবরে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ খেলেন। এরপর ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল করে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন। ২০২১ সালে তিনি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে চলে যান। বার্সেলোনায় থাকাকালে তিনি চারবার চ্যাম্পিয়নস লিগ ও দশবার লা লিগা জিতেছেন।

কর্নেইয়া জানিয়েছে, ‘লিও মেসির আগমন ক্লাবের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের শুরু। এর লক্ষ্য হলো ক্লাবের খেলাধুলা এবং প্রাতিষ্ঠানিক বিকাশ ঘটানো, ভিত্তি শক্তিশালী করা এবং প্রতিভায় বিনিয়োগ চালিয়ে যাওয়া।’


ক্লাবটি আরও বলেছে, ‘এই প্রকল্পটি দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং একটি কৌশলগত পরিকল্পনা দিয়ে পরিচালিত হবে। যেখানে উচ্চাভিলাষ, টেকসই উন্নয়ন এবং স্থানীয় শিকড়ের সঙ্গে গভীর সম্পর্ক একসাথে থাকবে।’

উল্লেখযোগ্য বিষয় হলো, মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও সম্প্রতি একটি স্প্যানিশ ক্লাব কিনেছেন। সৌদি আরবের আল-নাসরে খেলা রোনালদো এ বছরের ফেব্রুয়ারিতে স্পেনের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনে নেন। এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীই স্পেনের দুটি আলাদা ক্লাবের মালিক।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url